কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে ভাসমান দুই শ্রীলঙ্কান জেলে উদ্ধার
![]()
কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরে ভাসতে থাকা দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার একদল জেলে। তারা বাবা-ছেলে এবং দীর্ঘদিন বঙ্গোপসাগরে ভেসে থাকার দাবি করেছেন।
উদ্ধারকৃতরা হলেন এসএইচ চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। তাদের বাড়ি শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার রুরাল হসপিটাল রোডে।
উদ্ধারকারী জেলে দলের প্রধান জিয়াউর রহমান বলেন, ‘দুজন নিজেদের শ্রীলঙ্কার নাগরিক ও সম্পর্কে বাবা-ছেলে বলে পরিচয় দেন। মাছ ধরার সময় তারা নিখোঁজ হয়ে যান। এরপর গত ৩৬ দিন ধরে সমুদ্রে ভাসমান অবস্থায় কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন বলেও জানান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান বলেন, ‘তারা মাছ ধরার উদ্দেশে গত জুন মাসের শুরুতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তারা কীভাবে সমুদ্রে ভেসে গেলেন, আদৌ তারা দীর্ঘদিন বঙ্গোপসাগরে ছিলেন কি না এবং তাদের পরিচয় সম্পর্কিত অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শ্রীলঙ্কার সরকারের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। তারা আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। অবৈধ অনুপ্রবেশের আইন অনুযায়ী অনুপ্রবেশের মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হবে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।