শিক্ষার মানোন্নয়নে বাঘাইছড়ির কাচালং বিজিবি পাবলিক স্কুলে মতবিনিময় সভা
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্যাঞ্চলের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
তিনি বলেন, একটি জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি হলো মানসম্মত শিক্ষা। তাই শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। তিনি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সৃজনশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য সিরাজুল ইসলাম, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, কাচালং সরকারি কলেজের প্রভাষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোছাইন আহমদ, সদস্য পলাশ চাকমা ও রুমি আক্তার।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের বর্তমান পাঠদান কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু, সহশিক্ষা কার্যক্রমের বিস্তার এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিদ্যালয়ের বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যালোচনা করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, একটি আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং পরিচালনা কমিটির সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপরও সমান গুরুত্ব দিতে হবে।
সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বাস্তবমুখী বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে এবং প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত মতবিনিময় ও পরিকল্পনাভিত্তিক উদ্যোগের মাধ্যমে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল পার্বত্যাঞ্চলের একটি আধুনিক, মানসম্মত ও অনুসরণযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও সমৃদ্ধ হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।