রাইখালী বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, মেয়াদোত্তীর্ণ খাদ্য ধ্বংস
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিম্নমানের খাদ্যপণ্য পুনঃপ্যাকেটজাতের প্রস্তুতির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদের নেতৃত্বে রাইখালী বাজারের বিভিন্ন মুদি দোকান, বেকারি, হোটেল ও রেস্টুরেন্টে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বেলাল স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ চিপস, চকলেট, চানাচুর, লজেন্সসহ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করা হয়। পরে এসব পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়া মেসার্স আজগর স্টোর ও মেসার্স খাজা স্টোরে নিম্নমানের খাদ্যপণ্য পুনঃপ্যাকেটজাতের প্রস্তুতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহাম্মদ বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খাদ্যপণ্য কেনার আগে অবশ্যই উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মোড়কের অক্ষত অবস্থা এবং পণ্যের সামগ্রিক মান যাচাই করে কেনাকাটা করা উচিত। এতে নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত হওয়ার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের অনিয়মও অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।