পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, আধুনিক মাছ চাষ ও অবৈধ শিকার বন্ধে গুরুত্ব

পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, আধুনিক মাছ চাষ ও অবৈধ শিকার বন্ধে গুরুত্ব

পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, আধুনিক মাছ চাষ ও অবৈধ শিকার বন্ধে গুরুত্ব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় জলাশয়ের সুষ্ঠু ব্যবহার, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং নদী-খাল-বিল ও প্রাকৃতিক জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার ও মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, মৎস্য খাতকে টেকসই ও আরও সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। পানছড়ির পাহাড়ি জলাশয়, পুকুর ও অন্যান্য জলসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

তিনি বলেন, পরিকল্পিত ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব কমানো সম্ভব, অন্যদিকে স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে। এ ক্ষেত্রে মৎস্যচাষিদের সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মোট ছয়জন শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় বিজয়ী হয়। প্রধান অতিথি তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাছের উৎপাদন বাড়াতে মানসম্মত পোনা মজুদের পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নদী, খাল, বিল ও প্রাকৃতিক জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, প্রাকৃতিক জলাশয় ও মৎস্যসম্পদ রক্ষা করা না গেলে ভবিষ্যতে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য উভয়ই হুমকির মুখে পড়তে পারে। তাই অবৈধ জাল ব্যবহার, প্রজনন মৌসুমে মাছ শিকার এবং জলাশয়ের পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সফল মৎস্যচাষি, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পানছড়ি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্যচাষি ও মৎস্যসংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, প্রতিযোগিতা এবং প্রচার-প্রচারণা পরিচালনা করা হয়। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed