জেলা পরিষদের সদস্য হলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেনকে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তার মনোনয়নের খবরে লংগদু উপজেলাজুড়ে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মো. তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে লংগদু উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল।
স্থানীয় নেতাকর্মীদের মতে, দলকে সুসংগঠিত করা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষায় তোফাজ্জল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার মনোনয়ন লংগদুর রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
নবমনোনীত জেলা পরিষদ সদস্য মো. তোফাজ্জল হোসেন প্রতিক্রিয়ায় বলেন, “দল ও দেশ আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নীতিনির্ধারকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “এই দায়িত্বকে আমি জনগণের সেবার একটি বড় সুযোগ হিসেবে দেখছি। পার্বত্য অঞ্চলের উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং লংগদুসহ রাঙামাটির সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করব।”
এদিকে মনোনয়নের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, জেলা পরিষদের সদস্য হিসেবে তোফাজ্জল হোসেন দায়িত্ব গ্রহণের ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে লংগদুর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জেলা পরিষদের নীতিনির্ধারণী পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরতে সক্ষম হবেন তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।