বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের রোয়াংছড়িতে বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া ইসলাম মুমু (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ইসলাম মুমু বান্দরবান শহরের কালাঘাটা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইলিয়াছ ও ইয়াসমিন আক্তারের মেয়ে। সে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার কয়েকজন বান্ধবীর সঙ্গে ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীর পাড়ে পিকনিকে যায় সাদিয়া। বিকেলে তারা নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে সাদিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নদীতে অভিযান চালায়।
উদ্ধারকারী দলের সদস্যরা অভিযান চালিয়ে সাদিয়াকে নদী থেকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান আনসারী স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।