বান্দরবানে হোটেল হিলি রেইনবো উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী
![]()
জার্নাল প্রতিবেদক
পর্যটন সম্ভাবনাময় পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের আবাসন সুবিধা বাড়াতে যাত্রা শুরু করেছে নতুন হোটেল ‘হিলি রেইনবো’। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ হোটেলটি উদ্বোধনের মধ্য দিয়ে জেলার পর্যটন খাতে আবাসন ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান শহরের নীলাচল সড়কের মাথা যৌথ খামার এলাকায় সুপার হিলভিউ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় নির্মিত হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হোটেলটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বান্দরবানে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। পর্যটকদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মানসম্মত ও নিরাপদ আবাসন সুবিধার চাহিদাও বাড়ছে। নতুন এ হোটেল পর্যটকদের সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হোটেল হিলি রেইনবো পর্যটকদের নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি বান্দরবানের পর্যটন খাতকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে জেলার অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তারা।

সংশ্লিষ্টরা আরও জানান, বান্দরবানের পাহাড়, ঝরনা, নীলাচলসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রকে ঘিরে পর্যটকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এ কারণে পর্যটন অবকাঠামো ও আবাসন সুবিধার সম্প্রসারণ জেলার পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ। বেসরকারি উদ্যোক্তাদের এ ধরনের বিনিয়োগ ভবিষ্যতে বান্দরবানের পর্যটন সম্ভাবনাকে আরও কাজে লাগাতে সহায়ক হবে বলে মনে করছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সুপার হিলভিউ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, হিলভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মো. আব্দুল আউয়াল, পরিচালক (ব্যবসায়) মোহাম্মদ খোরশেদ আলম, পরিচালক (আইটি ও প্রচার) মো. নাজিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নতুন হোটেল চালুর ফলে বান্দরবানে পর্যটকদের আবাসন সুবিধা আরও সম্প্রসারিত হবে এবং বেসরকারি খাতে পর্যটনকেন্দ্রিক বিনিয়োগে নতুন উদ্যোক্তারা উৎসাহিত হবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।