শতভাগ মুসলিম পরিচয়ই মালদ্বীপের শক্তিশালী ঢাল: প্রেসিডেন্ট মুইজ্জু
![]()
জার্নাল প্রতিবেদক
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু বলেছেন, ইসলাম দেশটির সাংস্কৃতিক সার্বভৌমত্ব ও স্বাধীনতার মূল ভিত্তি। মালদ্বীপের শতভাগ মুসলিম রাষ্ট্রের পরিচয় ধরে রাখাই দেশের সবচেয়ে শক্তিশালী ঢাল বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) হুলহুমালে সেন্ট্রাল পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেসিডেন্ট মুইজ্জু। মালদ্বীপে ইসলাম আগমনের ৯০০ হিজরি বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসিডেন্ট বলেন, ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ইসলামের যে সুরক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি। ইসলামের পাঁচ স্তম্ভের কথা উল্লেখ করে তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নীতিমালা অনুসরণ মালদ্বীপকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মালদ্বীপে ইসলাম গ্রহণের আগের সময়ের কথা উল্লেখ করে মুইজ্জু বলেন, ইসলাম গ্রহণের মাধ্যমে সমাজ থেকে বহুত্ববাদী উপাসনা ও নানা সামাজিক সংকটের অন্ধকার দূর হয়েছিল। ইসলামের শিক্ষা মানুষের সমতা, মানবিক মর্যাদা ও পবিত্রতা রক্ষার সংস্কৃতি প্রতিষ্ঠা করে।
তিনি বলেন, অবৈধ মাদক ও নেশাজাতীয়দ্রব্য পরিবার ও সমাজ ধ্বংসের বড় হুমকি। ইসলামের নীতিমালার প্রতি দৃঢ় আনুগত্যের মাধ্যমে এসব সামাজিক ব্যাধি থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।
একটি উৎপাদনশীল, শৃঙ্খলাবদ্ধ ও চিন্তাশীল প্রজন্ম গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে জ্ঞানচর্চা, মানসিক বিকাশ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপর গুরুত্ব দেন প্রেসিডেন্ট।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপ আওকাফ ইনভেস্টমেন্টস লিমিটেড প্রতিষ্ঠার ঘোষণা দেন। ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
শরিয়াসম্মত টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ধর্মীয় কর্মকাণ্ডের জন্য আর্থিক সম্পদ বাড়াবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে জাতীয় উন্নয়নেও অবদান রাখবে। ২০৪০ সালের মধ্যে মালদ্বীপকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে লক্ষ্য নেওয়া হয়েছে, প্রতিষ্ঠানটি সেই প্রচেষ্টায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন মুইজ্জু।
অনুষ্ঠানে মালদ্বীপের ইতিহাস তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, দেশের মানুষ অতীতেও ইসলাম রক্ষার দৃঢ় বিশ্বাস নিয়ে রাষ্ট্রের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় এগিয়ে এসেছে।
মুইজ্জু বলেন, জনগণের ধর্মের প্রতি অবিচল থাকার সংকল্পের কারণেই মালদ্বীপ তার পূর্ণ মুসলিম পরিচয় ধরে রাখতে পেরেছে।
বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান নানা চ্যালেঞ্জের মধ্যেও ধর্মীয় বিশ্বাসে অটল থাকার আহ্বান জানান তিনি। তার ভাষায়, ইসলাম রক্ষার দায়িত্ব ব্যক্তিকে দিয়ে শুরু হলেও তা বৃহত্তর সমাজ পর্যন্ত বিস্তৃত হয়। শক্তিশালী ধর্মীয় ভিত্তির ওপর জাতীয় উন্নয়ন এগিয়ে নিতে সবার ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে মালদ্বীপে ইসলাম গ্রহণের ৯০০ বছর পূর্তি উপলক্ষে আনুষ্ঠানিক লোগো ও স্লোগান উন্মোচন করেন প্রেসিডেন্ট মুইজ্জু। আগামী এক বছর সরকারি যোগাযোগ ও প্রচারে এসব ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ লতিফ, পার্লামেন্টের স্পিকার আবদুর রহিম আবদুল্লাহ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা।
এ ছাড়া আল রাজহি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বান্দার আবদুল্লাহ আল রাজহি এবং মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তরুণ খতিব ও কারিদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।