থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি দোকানের ব্যবসায়ীদের মধ্যে ৩০ বান্ডিল ঢেউটিন, ৯০ হাজার টাকা নগদ এবং ১৫ প্যাকেট শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম এবং বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বলিপাড়া বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি নিহার বিন্দু চাকমা বলেন, ২০২০ সালে করোনা মহামারির সময় অগ্নিকাণ্ডে বাজারের ১০৯টি দোকান পুড়ে যায়। এরপর ২০২৪ সালে আরও ১৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ অগ্নিকাণ্ডে ১০টি দোকানের পাশাপাশি তিনজন ভ্রাম্যমাণ ব্যবসায়ীও ক্ষতির মুখে পড়েছেন। বারবার অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়ছেন উল্লেখ করে তিনি বলেন, শেষ বয়সে এসে এবারের ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে না।
ক্ষতিগ্রস্ত ফার্মেসি ব্যবসায়ী চিকন্যা চাকমা বলেন, তাঁর দোকানে নগদ দেড় লাখ টাকা এবং প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ওষুধ ছিল। এসব ওষুধের একটি বড় অংশ ঋণ নিয়ে বাকিতে সংগ্রহ করেছিলেন। আগুনে দোকান ও সব ওষুধ পুড়ে যাওয়ায় এখন ঋণ পরিশোধ এবং নতুন করে দোকান নির্মাণ—দুই বিষয় নিয়েই তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন।
চিকন্যা চাকমা বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করা হলে তারা নতুন করে ব্যবসা শুরু করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান, পুঁজি ও পণ্য হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। প্রশাসনের তাৎক্ষণিক সহায়তা কিছুটা স্বস্তি দিলেও ক্ষয়ক্ষতির তুলনায় তা পর্যাপ্ত নয়। তাই ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি সহায়তা আরও বাড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়রা জানান, অতীতেও একাধিকবার অগ্নিকাণ্ডে বলীপাড়া বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের পাশাপাশি ভবিষ্যতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে বাজারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।