ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের কেরালার কান্নুরে ভারতীয় নৌ একাডেমিতে (আইএনএ) অস্থায়ী কর্মী হিসেবে কাজ করা এক বাংলাদেশি নাগরিককে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত চার দিনে কেরালায় ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হলো।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তির নাম বিপ্লব সরেন (৩২)। তিনি প্রায় এক বছর ধরে পায়ান্নুরের এঝিমালায় অবস্থিত নৌ একাডেমিতে কাজ করছিলেন। পুলিশ জানিয়েছে, তার প্রকৃত নাম বিপ্লব সরেন কিনা, তা এখনও তদন্ত করে দেখা হয়নি।
পায়ান্নুর সার্কেল ইন্সপেক্টর মহেশ কে নায়ারের নির্দেশে একাডেমি থেকে তাকে গ্রেফতার করেন পায়ান্নুর থানার সাব-ইন্সপেক্টর শুহাইব। পুলিশ জানিয়েছে, বিপ্লব কী ধরনের কাজ করতেন বা কীভাবে নৌ একাডেমিতে চাকরি পেয়েছিলেন, তা এখনও প্রকাশ করা হয়নি। তার সেখানে উপস্থিতি নিরাপত্তাজনিত কোনও উদ্বেগ তৈরি করেছিল কিনা, সে বিষয়েও মন্তব্য করেনি।
এর আগে গত চার দিনে কান্নুরে পাঁচ বাংলাদেশি নারীকে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে বৃহস্পতিবার চারজনকে কান্নুর শহরের একটি স্পায় অবৈধভাবে কাজ করার অভিযোগে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ওডেনপারাম্বুর একটি ভাড়া বাড়িতে অবৈধ অভিবাসীরা অবস্থান করছেন এ তথ্যের ভিত্তিতে আদালতের কাছ থেকে তল্লাশি চালানো হয়। অভিযানে নারীদের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্রের পাশাপাশি ভুয়া ভারতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।