বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৯৯০ প্যাকেট ‘উইন’ (Win) ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহলদল বাঘাইছড়ি মুখ এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে পড়ে থাকা মালামাল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিদেশি সিগারেটগুলো জব্দ করা হয়।
জব্দ করা সিগারেটের প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে মোট বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এসব সিগারেটের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার পাশাপাশি এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশ ঠেকানোর পাশাপাশি চোরাচালান চক্রের তৎপরতা নিয়ন্ত্রণেও বিজিবির নজরদারি কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাঘাইছড়িসহ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক তৎপরতা অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সহায়ক হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।