লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, ডেঙ্গু মোকাবিলা, মৎস্যসম্পদ সংরক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের শিলকাটাছড়া সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিফ রহমান, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান।

এ ছাড়া সভায় লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও জাহাঙ্গীর হোসাইন বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি যেকোনো সমস্যা দ্রুত প্রশাসনের নজরে আনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত বিভিন্ন সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *