গুয়াহাটিতে ট্রেনে মুম্বাই যাওয়ার পথে ৪ নারীসহ ৫ বাংলাদেশি নাগরিক আটক
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি রেলওয়ে স্টেশনে মুম্বাইগামী ট্রেনে ওঠার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন। বুধবার (৭ অক্টোবর) গুয়াহাটি রেলওয়ে স্টেশনে লোকমান্য তিলক এক্সপ্রেস থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সীমান্ত নজরদারি দলের কাছ থেকে তথ্য পাওয়ার পর গুয়াহাটির পাল্টনবাজার স্টেশন থেকে মুম্বাইগামী লোকমান্য তিলক এক্সপ্রেসে তল্লাশি চালানো হয়। ট্রেনের সাধারণ কামরায় তল্লাশি করে পাঁচজনকে শনাক্ত করা হয়।
আটকদের মধ্যে তিন নারী একা ভ্রমণ করছিলেন। অপর এক নারী তার স্বামীর সঙ্গে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। আটক নারীদের একজনের কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার করা হয়, যেটিকে প্রাথমিকভাবে আসল বলে মনে হয়েছে বলে দাবি পুলিশের।
জিজ্ঞাসাবাদে ওই নারী এর আগেও ভারতে প্রবেশ করেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি গুজরাটে গিয়েছিলেন এবং সেখানে পরে বিয়ে করেন বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক পাঁচজন গত ৫ অক্টোবর গুয়াহাটিতে পৌঁছান। পরে তারা পাল্টনবাজার এলাকার ভিনটেজ হোম হোটেলে অবস্থান নেন। তাদের আটকের পর পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের অবস্থান এবং সেখানে কারা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করে।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। হোটেলের মালিক অমিত রায় দাইমারি ও বিশাল পালকেও আটক করেছে পুলিশ। এ ছাড়া হযরত আলী ও রঞ্জন ধর নামে আরও দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ এখন খতিয়ে দেখছে, হোটেল-সংশ্লিষ্ট ব্যক্তিরা আটক ব্যক্তিদের থাকার ব্যবস্থা, যাতায়াত কিংবা অন্য কোনো ধরনের সহায়তা দিয়েছিলেন কি না। তাদের ভারতে প্রবেশ এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে চলাচলে আরও কেউ সহায়তা করেছিলেন কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
আটকদের কাছ থেকে পাওয়া পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্রের সত্যতা যাচাইয়ের পাশাপাশি তারা কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন, সে বিষয়েও তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এ ঘটনায় আরও তথ্য সামনে আসতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।