কেপিএমকে উৎপাদনে ফেরাতে পরিকল্পনা নেওয়া হয়েছে: বিসিআইসি চেয়ারম্যান

কেপিএমকে উৎপাদনে ফেরাতে পরিকল্পনা নেওয়া হয়েছে: বিসিআইসি চেয়ারম্যান

কেপিএমকে উৎপাদনে ফেরাতে পরিকল্পনা নেওয়া হয়েছে: বিসিআইসি চেয়ারম্যান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)সহ দেশের রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করে লাভজনক করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠান পুনরায় সচল করতে বিদেশি বিনিয়োগ, বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন), সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কেপিএমের গেস্ট হাউসে কারখানার বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিসিআইসি চেয়ারম্যান বলেন, ‘কেপিএম একসময় লাভজনক প্রতিষ্ঠান ছিল। প্রতিষ্ঠানটির বেশ সুনামও ছিল। আমরা কেপিএমকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে পরিকল্পনা করেছি। দেশের রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সচল ও লাভজনক করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।’

তিনি জানান, কেপিএমসহ দেশের যেসব শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে নানা সংকটে রয়েছে, সেগুলোকে পুনরায় কার্যকর উৎপাদনে ফিরিয়ে আনার সম্ভাব্য উপায় খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, কারখানার যন্ত্রপাতি ও উৎপাদনব্যবস্থার আধুনিকায়ন এবং সরকারি-বেসরকারি ও দ্বিপক্ষীয় অংশীদারত্বের মাধ্যমে অর্থায়নের বিষয়গুলো বিবেচনায় রয়েছে।

মতবিনিময় সভায় কেপিএমের সার্বিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং কারখানাটিকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কারখানার বিভিন্ন বিভাগের প্রধানেরা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও বিদ্যমান পরিস্থিতি তুলে ধরেন। কেপিএমের উৎপাদন সক্ষমতা কাজে লাগানো এবং প্রতিষ্ঠানটিকে পুনরায় লাভজনক করার সম্ভাব্য পথ নিয়েও সভায় আলোচনা করা হয়।

কেপিএমকে উৎপাদনে ফেরাতে পরিকল্পনা নেওয়া হয়েছে: বিসিআইসি চেয়ারম্যান

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলার সংসদ সদস্যের প্রতিনিধি দিলদার হোসেন, কেপিএমের উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি এবং মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. মুজিবুর রহমান। এ ছাড়া কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, কেপিএম সিবিএর সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ারসহ কারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে কেপিএমের গেস্ট হাউসে পৌঁছালে বিসিআইসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও সিবিএ নেতারা। এ সময় কারখানার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে গেস্ট হাউসের পাশে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

বিকেল ৩টার দিকে বিসিআইসি চেয়ারম্যান কেপিএম কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কেপিএমকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির শিল্পকার্যক্রমে নতুন গতি আসতে পারে। পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেরও সুযোগ তৈরি হবে। তবে এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ নিশ্চিত করা, প্রয়োজনীয় আধুনিকায়ন এবং উৎপাদনব্যবস্থাকে কার্যকরভাবে পুনর্গঠন করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed