সাজেকের মন্দিরাছড়ায় জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, আতঙ্কে স্থানীয় ও পর্যটকরা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মন্দিরাছড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের দুই সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ (প্রসীত)-এর মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ গোলাগুলি প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেএসএস (সন্তু) পক্ষের গ্রুপ কমান্ডার অসীম চাকমার নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন এবং ইউপিডিএফ (প্রসীত) পক্ষের গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র সদস্যের মধ্যে এ সংঘর্ষ চলছে বলে জানা গেছে। দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাজেকের মতো পর্যটনসমৃদ্ধ এলাকায় এ ধরনের সশস্ত্র সংঘর্ষের খবরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভ্রমণে আসা পর্যটকদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। পাহাড়ি জনপদে দুই সশস্ত্র পক্ষের এমন মুখোমুখি অবস্থান সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে।
তবে সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি, হতাহতের সম্ভাব্য সংখ্যা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।