সঠিক তথ্য সংগ্রহের ওপর নির্ভর করছে ফ্যামিলি কার্ডের সফল বাস্তবায়ন: দীপন তালুকদার

সঠিক তথ্য সংগ্রহের ওপর নির্ভর করছে ফ্যামিলি কার্ডের সফল বাস্তবায়ন: দীপন তালুকদার

সঠিক তথ্য সংগ্রহের ওপর নির্ভর করছে ফ্যামিলি কার্ডের সফল বাস্তবায়ন: দীপন তালুকদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা এবং নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, রাঙামাটি সদর ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী উদ্যোগ। এ কার্ডের মাধ্যমে প্রান্তিক ও অসচ্ছল পরিবারগুলো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা সহজে গ্রহণ করতে পারবে। তবে এ উদ্যোগের সফল বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করছে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহের ওপর।

তিনি বলেন, তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত তথ্য সংগ্রহ করতে হবে। কোনোভাবেই যেন প্রকৃত দরিদ্র ও অসচ্ছল পরিবার এ কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান যথাযথভাবে মাঠপর্যায়ে প্রয়োগের জন্যও তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

সঠিক তথ্য সংগ্রহের ওপর নির্ভর করছে ফ্যামিলি কার্ডের সফল বাস্তবায়ন: দীপন তালুকদার

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক সুবিমল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য শ্বাশত চাকমা রিংকু, সদস্য নন্দিতা দাশ এবং সদস্য সুবর্ণ দেব বর্মণসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। তিনি প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে অবহেলা, অনিয়ম ও ভুল তথ্য প্রদান থেকে বিরত থাকার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে নির্ভুল তথ্য ও দায়িত্বশীলতার গুরুত্বও তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়, যা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাসহ অন্যান্য উপজেলার মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ ও নির্ভুল তথ্য সংগ্রহের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার পথ সুগম হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed