খাগড়াছড়ির আলুটিলায় ঝর্ণার পানিতে ডুবে প্রাণ গেল উপজাতি স্কুল ছাত্রের
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গাস্থ ঐতিহ্যবাহী ও বহুল সমাদৃত আলুটিলা পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ রিছাং ঝর্ণার উপর থেকে লাফ দিয়ে পানিতে ডুবে মলাই জ্যোতি চাকমা (১৪) নামের এক উপজাতি স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মলাই জ্যোতি চাকমা ফেনীর সোনাগাজী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার একমাত্র ছেলে ও খাগড়াছড়ি পুলিশ লাইনস্ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। নিহত স্কুল ছাত্র খাগড়াছড়ির সুইস গেইট আনন্দ নগর এলাকায় মা ও একমাত্র বোনের সাথে ভাড়া বাড়িতে থাকতো।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে একই বিদ্যালয়ে অধ্যায়নরত আরো দুই সহপাঠীকে নিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলাস্থ রিছাং ঝর্ণায় বেড়াতে যায় নিহত মলাই জ্যোতি চাকমা। বন্ধুদের সাথে দুষ্টুমির এক ফাঁকে মলাই জ্যোতি চাকমা রিছাং ঝর্ণার উপর থেকে নীচের পানিতে লাফ দেয়। এসময় ঝর্ণার দ্বারা সৃষ্ট গভীর পানিতে ডুবে যায় সে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর তার সহপাঠীরা তাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে উপরে তুলে আনে এবং তার পরিবারকে খবর দেয়। এসময় স্থানীয়রা পুলিশে খবর দিলে মাটিরাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম ও মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া। ওসি মো. শামসুদ্দিন ভুইয়া জানান, একই স্কুলে পড়ুয়া দুই বন্ধকে সাথে নিয়ে রিছাং ঝর্ণায় ঘুরতে আসে মলাই জ্যোতি চাকমা। এসময় রিছাং ঝর্নার উপর থেকে লাফ দিলে ঝর্ণার গভীরে পানিতে ডুবে মারা যায় সে। খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
উল্লেখ্য, আলুটিলা পর্যটন কেন্দ্রটি দেশের অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হলেও এখানে কোন প্রকার কুইক রেসপন্স টিম বা তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রসহ কোন ধরণের উল্লেখযোগ্য চিকিৎসা ব্যবস্থা না থাকায় যেকোন দূর্ঘটনায় এখানে আগত দর্শণার্থীদের প্রায় ১২কিলোমিটার দূরের খাগড়াছড়ি জেলা শহর কিংবা প্রায় ১০ কিলোমিটার দূরে মাটিরাঙ্গায় গিয়ে চিকিৎসা নিতে হয়। এছাড়া ঐতিহ্যবাহী রিছাং ঝর্ণায়ও দর্শণার্থীদের জানার সুবিধার্থে কোন প্রকার সতর্কতামূলক নির্দেশনা বা নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এখানে এসে ঝুঁকির মুখে পড়ছে দেশ-বিদেশের বিনোদনপ্রেমীরা।