বান্দরবানে নানা আয়োজনে বিজয়া দশমী উদযাপন, সাংগু নদীতে প্রতিমা বিসর্জন
![]()
জার্নাল প্রতিবেদক
নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে ভক্তদের উপস্থিতিতে পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, সিঁদুর বিনিময় ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
বিজয়া দশমী উপলক্ষে সকালে জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে জড়ো হন শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। অনেকে উপবাস থেকে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এ সময় পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
পূজামণ্ডপগুলোতে ঢাক-ঢোলের বাদ্য, ধূপের আরতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি নারীরা পরস্পরের মুখে সিঁদুর মাখিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন মন্দিরে ভক্তদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়।
জেলা ও উপজেলা মিলিয়ে এবার বান্দরবানে ৩৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বান্দরবানের সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
বিজয়া দশমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে আনন্দ ও বিদায়ের দিন। দেবী দুর্গাকে বিদায় জানানোর পাশাপাশি আগামী বছর আবারও তাঁর আগমনের প্রত্যাশায় ভক্তরা উৎসবের সমাপ্তি টানেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।