উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের আমবাগান এলাকার নিচের বাজার থেকে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেলসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি আভিযানিক দল। এ ঘটনায় নুরুল আমীন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্প-১ ইস্টের জি-৭ ব্লকের আমবাগান এলাকার নিচের বাজারে নিয়মিত টহল পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।
১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় টহলরত মোবাইল টিমের সদস্যরা এক ব্যক্তিকে হাতে ল্যাপটপের ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখেন। এ সময় পুলিশ সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তার বহন করা ব্যাগ তল্লাশি করে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেল, এসএস পাইপের চারটি কাটা অংশ এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ছয়টি রেত উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত সরঞ্জাম জব্দ করে আটক ব্যক্তিকে লম্বাশিয়া পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। আটক নুরুল আমীন ক্যাম্প-২ ওয়েস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।