সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে হামলার প্রতিবাদে বান্দরবানে এনসিপির বিক্ষোভ
![]()
জার্নাল প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পরিষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির বান্দরবান জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের হামলার ঘটনা দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসানের পরও সাধারণ মানুষ প্রত্যাশিত নিরাপত্তা ও স্বস্তি পাচ্ছে না বলে মন্তব্য করেন তারা। বরং বোমা হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তারা আরও বলেন, দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও জোরালো ভূমিকা নিতে হবে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
এনসিপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক মং সা প্রু চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সদস্য সচিব গোলাম মোস্তফা আসাদ, যুগ্ম আহ্বায়ক বিনয় জ্যোতি চাকমা, শার্লি মৈ শে প্রু, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।