নানিয়ারচরের রাজগিরি বন বিহারে ১৬তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর উপজেলার রাজগিরি বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৬তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, বুদ্ধমূর্তি দান, সংঘদান ও ধর্মদেশনার আয়োজন করা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা বিপুলসংখ্যক দায়ক-দায়িকা ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার রাতে তুলা থেকে সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে বেইন বুনে চীবর তৈরির কাজে অংশ নেন স্থানীয় ধর্মপ্রাণ নারী-পুরুষেরা। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে রাতভর চলে চীবর তৈরির এ বিশেষ আয়োজন। ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে চীবর প্রস্তুতের এ পর্বে স্থানীয় ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
পরে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিহার প্রাঙ্গণে সূত্রপাঠ, ধর্মদেশনা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান ও সংঘদানসহ বিভিন্ন ধর্মীয় ও দানীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন রাজবন বিহারের শ্রদ্ধেয় বশিষ্ট মহাস্থবির ও জিনপ্রিয় মহাস্থবির ভান্তে, রাজগিরি বন বিহারের অধ্যক্ষ সুমনালংকার মহাস্থবির এবং ডুলুছড়ি কুটিরের সমাধি আলো স্থবির ভান্তেসহ অন্যান্য ভিক্ষুসংঘ।
দিনব্যাপী আয়োজনে দায়ক-দায়িকা ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে বিহার প্রাঙ্গণে ধর্মীয় উৎসবের আবহ সৃষ্টি হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও দানীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবরদান উপলক্ষে ভক্তরা ধর্মীয় আচার পালনের পাশাপাশি ভিক্ষুসংঘের উদ্দেশ্যে বিভিন্ন দান-দক্ষিণা প্রদান করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।