বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি, পাল্টা গুলিবর্ষণ বিজিবির
![]()
জার্নাল প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে এক বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-ও পাল্টা গুলিবর্ষণ করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে জীবননগর সীমান্তের মেদিনীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিএসএফের গুলিতে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান মনিরুল ইসলামসহ সাতজন। এ সময় তাদের দেখে গুলি ও রাবার বুলেট ছোড়েন বিএসএফ সদস্যরা। এ সময় মনিরুলের সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। তবে মনিরুল আর ফিরে আসেননি।
এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবি জানায়, ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গি ক্যাম্পের সদস্যরা ওই যুবককে লক্ষ্য করে গুলি চালান। পরে বিজিবি মেদিনীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর নিরাপত্তার কথা ভেবে পাল্টা গুলিবর্ষণ করেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।