বান্দরবানে পাহাড়ি ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পর্যটকবাহী বাস, অল্পের জন্য ৪৬ জনের রক্ষা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের রেইছা চেকপোস্ট এলাকায় পাহাড়ি ঢালু সড়ক দিয়ে নামার সময় দুর্ঘটনার কবলে পড়েছে টঙ্গী থেকে বেড়াতে আসা পর্যটকবাহী একটি বাস। তবে চালকের দক্ষতা ও তাৎক্ষণিক নিয়ন্ত্রণের কারণে বাসে থাকা চালকসহ ৪৬ জন পর্যটক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় কয়েকজন পর্যটক সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান থেকে ফেরার পথে সদর উপজেলার রেইছা চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে ৪৫ জনের একটি পর্যটক দল বাসযোগে বান্দরবানে বেড়াতে আসে। ভ্রমণ শেষে শুক্রবার সন্ধ্যায় তারা টঙ্গীর উদ্দেশে রওনা হন। পথে রেইছা এলাকার পাহাড়ি ঢালু সড়ক দিয়ে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
এ সময় বাসে থাকা কয়েকজন পর্যটক আহত হন। তবে চালক দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে বাসটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়। বাসে থাকা ৪৬ জনই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, বান্দরবান থেকে ফেরার পথে একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পড়ে। এতে কয়েকজন পর্যটক সামান্য আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।