বান্দরবানে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজা উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বালন ও আরতি-সংগীতের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করা হয়।
শ্যামা পূজা উপলক্ষে বান্দরবান সদরের শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির, নোয়াপাড়া কালী মন্দির, সুইচ গেট শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, সুধাংশুপাড়া শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন পরিষদ এবং রামকৃষ্ণ সেবাশ্রমসহ বিভিন্ন মন্দিরে চলে নানা ধর্মীয় আয়োজন। সন্ধ্যা নামার পর থেকেই সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ও মন্দির প্রাঙ্গণ প্রদীপ ও মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে।
পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে সমবেত হন শত শত ভক্ত। প্রদীপ প্রজ্বালন, ধূপ-ধুনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে ভক্তরা শ্যামা মায়ের কাছে প্রার্থনা করেন। রাত ১১টা থেকে অমাবস্যা তিথি শুরু হওয়ার পর পূজার আনুষ্ঠানিকতা চলে ভোর ৫টা পর্যন্ত।
এদিকে পূজাকে ঘিরে বিভিন্ন মণ্ডপে আয়োজন করা হয় আরতি প্রতিযোগিতা, ঢাক-ঢোল বাজনাসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এসব আয়োজনে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
হিন্দু পুরাণ অনুসারে, মা কালী দুর্গাদেবীর একটি শক্তিরূপ। সংস্কৃত ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা মূলত শক্তির আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় প্রতিষ্ঠার প্রত্যাশায় এ পূজা উদযাপন করা হয়। ভক্তদের কাছে দেবী কালী শ্যামা, আদ্যামা, তারামা, চামুণ্ডা, ভদ্রকালী ও দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।