রোহিঙ্গা ক্যাম্পে ব্রিটিশ ডাচেস সোফি, দেখলেন শিক্ষা-সুরক্ষা ও জীবিকায়ন কার্যক্রম
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি বিভিন্ন ক্যাম্পে গিয়ে রোহিঙ্গা শিশু, নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং জীবিকায়ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় শিশুদের সঙ্গে কথা বলেন এবং নারীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে পরিচালিত উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-১৮-এর বি-১ ব্লকের একটি লার্নিং সেন্টার পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর সফর শুরু হয়। সেখানে রোহিঙ্গা শিশুদের পড়াশোনা, শিক্ষার পরিবেশ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম এবং নারী ও কন্যাশিশুদের জন্য ‘উইমেন অ্যান্ড গার্ল সেফ স্পেস’ পরিদর্শন করেন তিনি।
দুপুর ১২টার দিকে ক্যাম্প-২০-এ আইওএম ও পিএআইএলএসের উদ্যোগে পরিচালিত একটি সাবান কারখানা ঘুরে দেখেন ডাচেস। সেখানে রোহিঙ্গা ও স্থানীয় নারীদের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং স্বনির্ভরতার সুযোগ তৈরির কার্যক্রম সম্পর্কে জানতে পারেন। কাঁচামাল মেশানো থেকে সাবান তৈরি, কাটা, মান পরীক্ষা ও সংরক্ষণ পর্যন্ত উৎপাদনের বিভিন্ন ধাপ সরেজমিনে দেখেন তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কারখানাটিতে প্রতিদিন প্রায় ১৫ হাজার লন্ড্রি ও টয়লেট সাবান তৈরি হয়। এসব সাবান আইওএমের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হয়। কারখানাটিতে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর নারী ও যুবকেরা কাজের পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

পরে ক্যাম্প-৪-এ জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন পরিচালিত মাল্টিপারপাস সেন্টার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেন সোফি। দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা রোহিঙ্গা নারী, শিশু ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কেও ধারণা নেন তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোফির বাংলাদেশ সফরের অন্যতম উদ্দেশ্য নারী ও মেয়েদের কল্যাণ, নিরাপত্তা, ক্ষমতায়ন ও শিক্ষার বিষয়গুলো তুলে ধরা। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানবিক সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়া।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা ও মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরের সময় ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প এলাকা ত্যাগ করে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হন সোফি। উল্লেখ্য, ২০১৭ সালেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমের প্রতি সমর্থন জানাতে বাংলাদেশ সফর করেছিলেন তিনি। এবারের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।