কাপ্তাইয়ে চাঁদাবাজির অভিযোগ জেএসএসের বিরুদ্ধে, সেনাবাহিনীর তৎপরতায় স্বস্তি জনমনে
![]()
ডেস্ক রিপোর্ট
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের আপস্ট্রিম জেটিঘাট এলাকায় ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের সশস্ত্র সংগঠন সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৫ দিন ধরে চাঁদা দাবির পাশাপাশি টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা-বাণিজ্য ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা। এ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের তাৎক্ষণিক তৎপরতায় স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে আপস্ট্রিম জেটিঘাট এলাকায় এ বিষয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই জোনের উদ্যোগে আয়োজিত সভায় স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় ব্যবসায়ী ও ঠিকাদাররা জানান, গত ১৫ দিন ধরে সাচিং প্রু মারমা নামের এক ব্যক্তি নিজেকে জেএসএসের চাঁদা আদায়কারী পরিচয় দিয়ে তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছেন। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি সংগঠনের নাম ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও তাঁরা অভিযোগ করেন। এতে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে কাপ্তাই জোন তাৎক্ষণিকভাবে সেনা টহল পাঠায়। সেনাবাহিনীর সদস্যরা আপস্ট্রিম জেটিঘাট এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলেন এবং চাঁদা দাবির অভিযোগ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এ সময় সেনাবাহিনীর টহল কমান্ডার মেজর মো. এস. আরেফিন বলেন, স্থল ও নৌপথে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে কাপ্তাই জোনের কুইক রিঅ্যাকশন ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক নজরদারি করছে। সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের এ ধরনের হুমকিকে অসার আস্ফালন উল্লেখ করে তিনি স্থানীয় ব্যবসায়ী, জেলে ও ঠিকাদারদের নির্ভয়ে তাঁদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উল্ল্যেক, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ব্যবসা-বাণিজ্য, মৎস্য আহরণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সচল রাখতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে। এমন পরিস্থিতিতে অভিযোগ পাওয়ার পরপরই সেনাবাহিনীর টহল পাঠানো, সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলা এবং নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের মধ্যে আস্থা তৈরিতে সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।