সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজন নাটোরের কাদিরাবাদে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে (ইসিএসএমই) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও ইঞ্জিনিয়ার্স কোরের বর্তমান কর্নেল কমান্ড্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
অধিনায়ক সম্মেলনে ইঞ্জিনিয়ার্স কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইঞ্জিনিয়ার্স কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে ইঞ্জিনিয়ার্স কোরের অবদানের প্রশংসা করেন।
সম্মেলনে ইঞ্জিনিয়ার্স কোরের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় কোরের সব সদস্যকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনাও দেন তিনি।

অন্যদিকে, ইঞ্জিনিয়ার্স কোরের ৭ম কোর পুনর্মিলনী উপলক্ষে ইসিএসএমই প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন সেনাবাহিনী প্রধান। এ সময় দেওয়া বক্তব্যে তিনি ইঞ্জিনিয়ার্স কোরের প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য এবং পেশাগত মমত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। কোরের দীর্ঘদিনের ঐতিহ্য ও পারস্পরিক বন্ধন অক্ষুণ্ন রেখে ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার, চিফ কনসালট্যান্ট জেনারেল (অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট), বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইঞ্জিনিয়ার্স কোরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।