সাজেক খুলে দেওয়ার নামে ফেসবুকে ভুয়া প্রেস রিলিজ, পর্যটকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান
![]()
জেলা প্রশাসনের অনুমতি ও সিদ্ধান্ত ছাড়াই আজ থেকে পর্যটনকেন্দ্র উন্মুক্তের ঘোষণা; নাম-স্বাক্ষরহীন বিজ্ঞপ্তি বিশ্বাস করে সাজেক গেলে নিরাপত্তাঝুঁকির আশঙ্কা
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হচ্ছে—এমন ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি প্রেস রিলিজ। তবে নাম ও স্বাক্ষরবিহীন ওই বিজ্ঞপ্তিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে। এমনকি পর্যটনকেন্দ্র উন্মুক্ত করার বিষয়ে জেলা প্রশাসনের অনুমতি বা কোন সিদ্ধান্তও হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসন। ফলে বিজ্ঞপ্তিটি বিশ্বাস করে পর্যটকেরা সাজেকের উদ্দেশে রওনা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করে ছড়িয়ে পড়া ওই প্রেস রিলিজে দাবি করা হয়েছে, আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে সাজেক পর্যটনকেন্দ্র সব পর্যটকের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে। শীতকালীন পর্যটন মৌসুম সামনে রেখে এবং রাঙামাটি জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি পর্যটকদের রিসোর্ট ও জিপগাড়ি বুকিংয়ের জন্য যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, সাজেক পর্যটন সড়কে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন কর্তৃক সৃষ্ট অবরুদ্ধ পরিস্থিতির অবসান হয়েছে। গত ১০ নভেম্বর সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা কার্বারী এক ভিডিও ও লিখিত বিবৃতির মাধ্যমে সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা এবং তথাকথিত অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছেন বলেও এতে উল্লেখ করা হয়।
তবে প্রচারিত বিজ্ঞপ্তিতে কোনো ব্যক্তির নাম, পদবি কিংবা দায়িত্বশীল প্রতিনিধির স্বাক্ষর নেই। শুধু সাজেক রিসোর্ট মালিক সমিতি ও জিপ-পিকআপ মালিক সমিতির নাম ব্যবহার করে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার বিষয়ে এ ধরনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। বিশেষ করে জেলা প্রশাসনের অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হলেও প্রশাসন এ বিষয়ে অবগত নয় বলে জানা গেছে।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তির ওপর নির্ভর করে সাজেক ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পর্যটনকেন্দ্র উন্মুক্ত হওয়া, সড়কে যান চলাচলের পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া রিসোর্ট বা জিপগাড়ি বুকিং কিংবা সাজেকের উদ্দেশে যাত্রা করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতির এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাজেক ভ্যালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমিতির অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত গুজবের ওপর ভিত্তি করে ভ্রমণ পরিকল্পনা না করতে এবং রিসোর্ট বা গাড়ি বুকিং দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংগঠনটি।
সাজেক দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হলেও সাম্প্রতিক অবরুদ্ধ পরিস্থিতি ও চলমান অনিশ্চয়তার কারণে সেখানে পর্যটকদের যাতায়াত নিয়ে উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নামে অনুমোদনহীন বা বিভ্রান্তিকর তথ্য প্রচার হলে পর্যটকেরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন, তেমনি অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।
সংশ্লিষ্টদের মতে, পর্যটকদের নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় সাজেক পর্যটনকেন্দ্র উন্মুক্ত করার বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ও আনুষ্ঠানিক ঘোষণা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নাম-স্বাক্ষরহীন বিজ্ঞপ্তিকে সরকারি অনুমোদন বা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা না করারও আহ্বান জানানো হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, সাজেক পর্যটনকেন্দ্র খোলা বা পর্যটক প্রবেশের ক্ষেত্রে চলমান নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার করা হয়নি। এবিষয়ে কোন সিদ্ধান্ত হলে প্রেস রিলিজের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হবে। ফেসবুকে কোন তথ্য পেলে তা নির্ভারযোগ্য সূত্র হতে যাচাই করার আহবানও জানিয়েছেন তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।