টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক ৩

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক ৩

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক ৩
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ইয়াবার চালান নিয়ে আসা আরও একজন বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মাদক পাচারের তথ্য পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে সি-বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া এলাকায় প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবির একটি আভিযানিক দল।

রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে একটি অটোরিকশায় দুই নারী চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই দুই নারীকে আটক করা হয়।

অন্যদিকে, ১৪ নভেম্বর ভোররাতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পায় বিজিবি। খবর পেয়ে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় স্পিডবোটসহ একটি বিশেষ টহল দল নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়।

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক ৩

বিজিবি জানায়, ভোর আনুমানিক ১টা ৫০ মিনিটে থার্মাল ইমেজার ও রাডারের সাহায্যে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে রাত ২টার দিকে তাঁদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন কেওড়াবাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। অপরজনকে একটি বস্তাসহ আটক করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাবির পাড়া এলাকার মোছা. ছেনোয়ারা বেগম (৫০), দিলারা বেগম (৪০) এবং সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার মো. হোসেন (৫০)। এ ঘটনায় পলাতক ব্যক্তির নাম মো. শাকের (৪০) বলে জানিয়েছে বিজিবি।

দুটি অভিযানে সব মিলিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদকদ্রব্যের অবৈধ পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মাদক পাচার প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের এবং জব্দ করা ইয়াবা, গাঁজাসহ অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed