বাঘাইছড়িতে কঠিন চীবর দানোৎসবে ৩০ অসহায় পরিবারকে উপহার দিল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান-২০২৬ উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত ৩০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার দুটি বৌদ্ধ বিহারে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ উপলক্ষে মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, জীবঙ্গছাড়া নবরত্ন বৌদ্ধ বিহার এবং কাচালং আর্যপুর ধর্ম উজ্জ্বল বনবিহারে আয়োজিত কঠিন চীবর দান উৎসবের ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি বিহারের সভাপতি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
ধর্মীয় উৎসবের আনন্দকে স্থানীয় অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে জোন অধিনায়কের পক্ষ থেকে ৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত বৌদ্ধ ধর্মাবলম্বী পাহাড়ি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে পুরুষদের জন্য ফতুয়া, নারীদের জন্য থামি এবং পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী হিসেবে পোলাও চাল, ডাল, ভোজ্যতেল ও চিনি ছিল।
এ সময় জোন অধিনায়ক বিহারে আগত পূর্ণার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাঁদের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানান এবং পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জোন অধিনায়ক বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ‘পাহাড়ি-বাঙ্গালি আমরা সবাই বাংলাদেশি’—এই মূলমন্ত্র ধারণ করে ধর্ম, বর্ণ ও গোত্রনির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ধর্মীয় উৎসব আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সমাজের সব স্তরের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য নিয়ে মিলেমিশে বসবাস করলে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় পর্যায়ে বিজিবির এ উদ্যোগকে ধর্মীয় উৎসবের আনন্দে অসহায় পরিবারগুলোকে সম্পৃক্ত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে আন্তসম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ইতিবাচক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় মানুষের সুখ-দুঃখ ও ধর্মীয়-সামাজিক আয়োজনে বিজিবির অংশগ্রহণ বাহিনীটির জনসম্পৃক্ততাকে আরও জোরদার করছে।
অনুষ্ঠানে মারিশ্যা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।