খাগড়াছড়িতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত, আদালত ও বিচারকদের নিরাপত্তা জোরদারে গুরুত্ব
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল করা, আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারপ্রক্রিয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে বিচার বিভাগীয় সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ জাকির হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য বিভাগ, কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রায় ৩০ থেকে ৩৫ জন কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নেন।
সম্মেলনে আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রবেশ নিয়ন্ত্রণ, বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের চলাচল তদারকি এবং আদালত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত সমাবেশ, মিছিল ও নিষিদ্ধ সামগ্রী বহন প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়।
বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাঁদের সরকারি ও ব্যক্তিগত বাসভবনের নিরাপত্তা জোরদার করার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। এ লক্ষ্যে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুরোনো মামলাসহ বিচারাধীন সব মামলায় সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করা এবং আদালতে আসা-যাওয়ার পথে তাঁদের নিরাপত্তা বিধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সমন ও গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। পেটি সমন ও গ্রেফতারি পরোয়ানা যথাসময়ে জারি, আসামি গ্রেফতার-সংক্রান্ত মেমোরেন্ডাম (Memorandum of Arrest), সাক্ষীদের সমন ও গ্রেফতারি পরোয়ানা দ্রুত প্রেরণ এবং জারি-সংক্রান্ত প্রতিবেদন নির্ধারিত সময়ে আদালতে দাখিলের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া মামলা অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদ্যমান অসুবিধা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দূর করার বিষয়ে আলোচনা হয়। মামলার আলামত জব্দ এবং জিম্মাতালিকা-সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি শিশু আদালতের প্রবেশ কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব এবং কর্মপরিধি নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সম্মেলনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ চন্দন কান্তি নাথ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আবু সুফিয়ান মো. নোমান, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বর্ণ কমল সেন, জেলা লিগ্যাল এইড অফিসার ফারজানা আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোং মাজেদ হোসাইন ও আরিফুল ইসলাম।
এ ছাড়া সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন, ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের স্টাফ অফিসার মেজর জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) রোজিনা আক্তার, সিভিল সার্জন ডা. মো. হারিছ, মেডিকেল অফিসার ডা. কে. এম. কামরুজ্জামান রিয়াদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. খলিলুর রহমান, আইনজীবী প্রতিনিধি অ্যাডভোকেট মনুয-শেকের্ত, জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বিশ্বজিৎ চাকমা, কোর্ট ইন্সপেক্টর এবং জেলা ও দায়রা জজ আদালতের সহকারী প্রোগ্রামার মো. উজ্জ্বল হোসেন উপস্থিত ছিলেন।
বিচার বিভাগ, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার, আদালতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিচারপ্রক্রিয়ার আনুষঙ্গিক কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসনে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।