দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি আসিয়ান ও চীন
![]()
জার্নাল প্রতিবেদক
ফিলিপাইনের সভাপতিত্বে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দক্ষিণ চীন সাগরের আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) নিয়ে আলোচনা শেষ করতে পারেনি আসিয়ান ও চীন। তবে খসড়ার প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী রোববার এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়নে আসিয়ান ও চীনের মধ্যে আলোচনা দুই দশকেরও বেশি সময় ধরে চলছে। তবে বর্তমান সভাপতি হিসেবে ফিলিপাইন চলতি বছরই আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে গিয়ে আচরণবিধিটি চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল।
ম্যানিলায় ১১ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা. তেরেসা লাজারো বলেন, ‘এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।’ তিনি জানান, আচরণবিধিটি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।
তিনি আরও বলেন, ‘আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি চীনেরও বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার চীনের প্রতিবেশী দেশগুলো চায়, এই আচরণবিধি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রণীত হোক। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকার ওপর সার্বভৌমত্ব দাবি করতে গিয়ে বেইজিং বারবার আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে বলে অভিযোগ করে আসছে এসব দেশ।
অন্যদিকে, দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্মকাণ্ডকে আইনসম্মত ও পেশাদার বলে দাবি করে আসছে চীন।
সমুদ্রসীমা নিয়ে পরস্পরবিরোধী দাবি
দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত সমুদ্রসীমার দাবির সঙ্গে ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) দাবির সংঘাত রয়েছে। উত্তেজনা বৃদ্ধি ঠেকানো এবং সমুদ্রে বিভিন্ন ঘটনা মোকাবিলায় কার্যকর আচরণবিধি প্রণয়নকে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
২০১৬ সালে একটি আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল, আন্তর্জাতিক আইনের অধীনে দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত দাবির কোনো ভিত্তি নেই। তবে বেইজিং ওই রায় প্রত্যাখ্যান করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ম্যানিলা ও বেইজিংয়ের মধ্যে একাধিক সামুদ্রিক সংঘাতের ঘটনা ঘটেছে। ফিলিপাইনের অভিযোগ, তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের ভেতরে চীন বারবার আগ্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এর মধ্যে রয়েছে বিপজ্জনক কৌশলে জাহাজ পরিচালনা, জলকামান ব্যবহার এবং পুনরায় রসদ সরবরাহের মিশনে বাধা সৃষ্টি করা।
অন্যদিকে, নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করা এলাকায় ফিলিপাইন অনুপ্রবেশ করছে বলে অভিযোগ করে আসছে চীন।
বিশ্লেষকদের মতে, মতপার্থক্য শুধু আসিয়ান ও চীনের মধ্যেই সীমাবদ্ধ নয়।
সিঙ্গাপুরের এস. রাজরত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক কলিন কোহ বলেন, আচরণবিধির ভৌগোলিক পরিধি নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আসিয়ান সদস্যদেশগুলোর মধ্যকার বিভক্তিও আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে।
তিনি বলেন, ‘বেইজিংয়ের বাইরেও আসিয়ানের অভ্যন্তরীণ মতপার্থক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
কোহ বলেন, অবশিষ্ট মতপার্থক্যগুলো নিরসন করা কঠিন হবে এবং এ জন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে ‘বড় ধরনের ছাড়’ দিতে হবে।
আগামী বছর আসিয়ানের সভাপতির দায়িত্ব গ্রহণের পর আচরণবিধি নিয়ে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা চালানোর দায়িত্ব পাবে সিঙ্গাপুর।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।