টেকনাফের লোকালয়ে আহত স্ত্রী হাতি, ছেড়ে যাচ্ছে না সঙ্গীও
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলীয় পাহাড় থেকে অসুস্থ স্ত্রী হাতিকে নিয়ে লোকালয়ে নেমে এসেছে দুটি হাতি। স্ত্রী হাতিটির পেছনের ডান পা গুরুতর আহত। ঠিকমতো হাঁটাচলা করতে পারছে না সে। এমন অবস্থায় স্ত্রী হাতিটিকে এক মুহূর্তের জন্যও একা ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতিটি। সব সময় পাশে থেকে সঙ্গ দিচ্ছে তাকে।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে বাহারছড়া পাহাড় থেকে হাতি দুটি লোকালয়ে নেমে আসে। স্থানীয় ব্যক্তিরা জানান, গত কয়েক দিন ধরে বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ের চামড়া উঠে গেছে। গুরুতর আঘাতের কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না হাতিটি। তাঁদের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কীভাবে বা কারা হাতিটিকে আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত স্ত্রী হাতিটিকে এক মুহূর্তের জন্যও একা ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতিটি। চলাফেরার সময়ও সে স্ত্রীর পাশে থাকছে। স্ত্রী হাতিটি সামনে এগোতে কষ্ট পেলে পুরুষ হাতিটিকেও তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হাতি দুটির এমন দৃশ্য স্থানীয়দের আবেগাপ্লুত করেছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে আহত হাতিটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তাই বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি তাঁর দল নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন বা আক্রমণের চেষ্টা না করেন। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
স্থানীয়দের একটাই প্রত্যাশা, দ্রুত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠুক আহত স্ত্রী হাতিটি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।