পাহাড়ে জনকল্যাণে অবদান রাখছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা সড়কের নয় মাইলস্থ দূর্গম তপন কার্বারী পাড়ায় মধ্যাকর্ষণ শক্তি কাজে লাগিয়ে পানি সরবরাহ পদ্ধতি চালুর মাধ্যমে স্থানীয়দের দীর্ঘদিনের পানির সমস্যার সমাধান করে জনকল্যাণে এগিয়ে এসেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
গত বুধবার (২৪ নভেম্বর) তপন কার্বারী পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সাড়ে ৪ লক্ষ টাকা ব্যায়ে উক্ত পানি সরবরাহ (জিএসএস) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা।
এসময় তিনি বলেন, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ জনমানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাজ করলে অচিরেই পাহাড়ী জনগণের সু-দিন ফিরবে।
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী-বাঙ্গালী নির্বিশেষে সকল সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্ননয়নসহ সার্বিক জনকল্যাণে ইউপিডিএফ (গণতান্ত্রিক) অবদান রেখে চলেছে জানিয়ে শ্যামল কান্তি চাকমা জানান, সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনকল্যাণে মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার বিভাগের নেতা মিটন চাকমাসহ সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী ছাড়াও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মধ্যাকর্ষণ শক্তি কাজে লাগিয়ে পানি সরবরাহ পদ্ধতির মাধ্যমে ঐ এলাকায় বসবাসরত প্রায় ২শতাধিক মানুষের দীর্ঘ দিনের পানির কষ্ট লাগব হবে। বিকল্প এই পদ্ধতি ব্যবহার করে পাহাড়ি ছড়া থেকে পানি সরাসরি, নির্মিত ৪/৫ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন এই পাকা ট্যাঙ্কিতে যোগ হবে এবং পরবর্তীতে তা নিষ্কাশনের মাধ্যমে ব্যবহার উপযোগি করে পাশের ট্যাঙ্কি থেকে ব্যবহার করবে এলাকাবাসী।
প্রসঙ্গত, এর আগেও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিভিন্ন সময়ে নানা জনকল্যাণমূলক কাজে এগিয়ে এসেছে সংগঠনটির জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা। করোনাকালে পাহাড়ের বিভিন্ন উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে স্প্রে কার্যক্রম পরিচালনা, কর্মহীন ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ, ধর্মীয় উৎসব পালনে আর্থিক সহায়তা প্রদান, দূরারোগ্য রোগে আক্রান্তদের চিকিৎসায় সহায়তা প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা জনহিতকর কাজের মাধ্যমে নিজেদের জনকল্যাণে নিয়োজিত করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।