খাগড়াছড়িতে পিসিপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে পিসিপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) সমর্থিত ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক জগদীশ চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) জেএসএস এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, ছাত্র বিষয়ক সম্পাদক কাকলী খীসাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) বাস্তবায়নসহ আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন। একই সাথে সরকারের প্রতি দ্রুত চুক্তি বাস্তবায়ন করে অধিকার বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

এছাড়া, জেলার দীঘিনালায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।

শুক্রবার সকালে উপজেলার কল্পরঞ্জন মাঠে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠার উদযাপনের সূচনা করনে, উদ্বোধক জেএসএস (এমএন লারমা) এর কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূরঞ্জন চাকমা।

পরে নেতাকর্মীরা বর্ণাঢ্য একটি র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কল্পরঞ্জন মাঠে এসে জাতীয় সঙ্গীত পরিবেশেনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অমর জ্যোতি চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)র সভাপতি দীপন চাকমা দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন।

শিক্ষা-সংহতি, সাম্য-প্রগতি’তে উজ্জীবিত “জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র সমাজ বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন” শ্লোগানে আয়োজিত প্রথম অধিবেশনে ছাত্র সমাবেশ ও দ্বিতীয় কেন্দ্রীয় কাউন্সিল এ পিসিপির কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক জেসলেন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অমর জ্যোতি চাকমা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস (এমএন লারমা) এর সহ-সভাপতি প্রীতি খীসা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন, পিসিপির কেন্দ্রীয় সাধারন সম্পাদক রহেল চাকমা, সাংগঠনিক সম্পাদক সুবরন চাকমা, পিসিপির দীঘিনালা কলেজ সভাপতি সুভাষ চাকমা, খাগড়াছড়ি কলেজ সভাপতি বিজয় চাকমা প্রমূখ।

পরে এতে দীপন চাকমাকে সভাপতি, রহেল চাকমাকে সাধারণ সম্পাদক ও উচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।