করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯০ - Southeast Asia Journal

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯০

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে ১ হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন করোনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৭২৮।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৫৪। আগের দিন এ হার ছিল ১৬ দশমিক ৮৯।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে তিনজনের মৃত্যু হয়েছে, দুজন নারী এবং একজন পুরুষ। তাঁদের মৃত্যু হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে।

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে।

করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে। দেশে সংক্রমণ কমে আসায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তুলে নেওয়া হয় করোনাকালীন বিধিনিষেধ। ২৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০০-এর নিচেই ছিল। এর পর থেকে তা বেড়েছে।

সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮৮ জনের।

গত ২৪ ঘণ্টায় যে ১ হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা এক হাজার ৩০৩। এর মধ্যে মহানগরসহ ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২২ জন। বাকি বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ২১৪, খুলনা ৭৭, বরিশালে ৭২, রাজশাহীতে ৫২, রংপুরে ৩০, ময়মনসিংহে ২৯ এবং সিলেটে ১৩ জন শনাক্ত হয়।

দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।