বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ-২০২৬’ সমাপ্ত
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (প্যাকএএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকারে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মহড়া শেষ হয়।
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এ মহড়ার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশে সমাপনী বক্তব্য দেন।
এ সময় যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের প্রতিনিধি দলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার সার্বিক কার্যক্রম ও অভিজ্ঞতা নিয়ে বক্তব্য দেন। সমাপনী অনুষ্ঠানে বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়ক, যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দুই দেশের মহড়ায় অংশগ্রহণকারী সদস্যরা উপস্থিত ছিলেন।
‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’-এ বিষয়ভিত্তিক মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন নিরাপত্তা, বিপজ্জনক পদার্থের ঝুঁকি ব্যবস্থাপনা (হ্যাজম্যাট), অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, আকাশপথে পণ্য পরিবহনের কার্গো ব্যবস্থাপনা, বিমানঘাঁটির প্রতিরক্ষা ও বাহিনীর নিরাপত্তা এবং বিমান দুর্ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম বিষয়ে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
পাঁচ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নেন। মহড়ায় দুই দেশের বিমান বাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় তিন দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে ‘এক্সারসাইজ কোপ সাউথ’ মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে এ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।