বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়, বিশ্বে ৪১তম - Southeast Asia Journal

বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়, বিশ্বে ৪১তম

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সম্প্রতি কানাডাভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ভিজুয়াল ক্যাপিটালিস্ট আইএমএফের তথ্যের আলোকে করা জরিপে এ তথ্য উঠে এসেছে।

এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত ছাড়া জিডিপির ভিত্তিতে শীর্ষ ৫০-এ দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ নেই।

মূলত ট্রিলিয়ন ডলারের একটি মানের ওপর ভিত্তি করে বিশ্ব অর্থনীতির পরিধি পরিমাপ করা হয়েছে। বিশ্ব অর্থনীতির পরিধি ২০২০ সালে ছিল ৮৮ ট্রিলিয়ন ডলার। ২০২১ সালে তা বেড়ে ৯৪ ট্রিলিয়ন ডলার হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ২০২২ সালেই বিশ্ব অর্থনীতির (গ্লোবাল জিডিপি) আকার হবে ১০৪ ট্রিলিয়ন ডলার।

নতুন এই মানদণ্ডের ওপরে ভিত্তি করে করা জরিপে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের জিডিপি ২৫ দশমিক ৩ ট্রিলিয়ন, যা বৈশ্বিক মোট জিডিপির চার ভাগের এক ভাগ। ১৯ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার নিয়ে এর পরের অবস্থানই চীনের, যা বৈশ্বিক জিডিপির পাঁচ ভাগের এক ভাগ। ৪ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার নিয়ে জাপানের অবস্থান তিন নম্বরে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে সবচেয়ে বেশি জিডিপি জার্মানির। ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার নিয়ে এরপরেই রয়েছে যুক্তরাজ্য। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার নিয়ে সবার ওপরে ব্রাজিল। তালিকায় দেশটির অবস্থান ১০।

আফ্রিকার দেশগুলোর মধ্যে ৫১১ বিলিয়ন ডলার নিয়ে সবচেয়ে বড় অর্থনীতির দেশ নাইজেরিয়া। তালিকায় দেশটির অবস্থান ৩১তম। এরপরেই ৪৩৬ বিলিয়ন ডলার নিয়ে ৩৫তম মিসর এবং ৪২৬ বিলিয়ন ডলার নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে ৩৬তম।

তালিকায় সবচেয়ে কম ৬৬ মিলিয়ন ডলারের জিডিপি তুয়াভালুর। প্রকাশিত তালিকায় তুয়াভালুর অবস্থান ১৯১তম। তুয়াভালুর আগে অবস্থান করছে নাউরু, কিরিবাতি, পালাউ ও মার্শাল আইল্যান্ড।