পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানকে সামনে রেখে নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানো, ক্রীড়াচর্চার প্রসার এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার প্রত্যাশা নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে সারাদেশে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার এবং উপজেলা ক্রীড়া পরিষদের সদস্যসচিব মো. সাইদুল আলম।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, ‘স্বপ্নের সাথে, বিজয়ের সাথে’ এগিয়ে যাবে নতুন প্রজন্ম। ক্রীড়া এখন আর কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি একটি সম্ভাবনাময় পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, এ প্রতিযোগিতা শিশু-কিশোরদের নিজেদের প্রতিভা ও যোগ্যতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। যথাযথ সুযোগ ও অনুশীলনের পরিবেশ পেলে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাও জাতীয় ক্রীড়াঙ্গনে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখতে পারবে। এ সুযোগ কাজে লাগিয়ে পানছড়ির ছেলে-মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসা এবং ক্রীড়াঙ্গনে নিজেদের প্রতিভা তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড় এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর মাধ্যমে পানছড়ির শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার চর্চা আরও বাড়বে। একই সঙ্গে নিয়মিত ক্রীড়াচর্চার সুযোগ সৃষ্টি, নতুন প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।