সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ - Southeast Asia Journal

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাৎ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। আজ সোমবার সেনাবাহিনীর সদর দপ্তরে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে সাক্ষাৎ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতের শুরুতেই জেনারেল মনোজ পাণ্ডে বলেন, ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম বিদেশ সফর হিসেবে বাংলাদেশে এসেছেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি তাঁর শ্রদ্ধা এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও পেশাদারি সম্পর্কের ভিত্তি প্রকাশিত হলো।

একান্ত সাক্ষাতে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরপর সেনাসদরের হেলমেট কনফারেন্স রুমে প্রতিনিধিদলের জন্য বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান নেতৃত্ব এবং সামগ্রিক উচ্চমান সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন ভারতীয় সেনাপ্রধান। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনোজ পাণ্ডে।

এর আগে জেনারেল মনোজ পাণ্ডে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে জেনারেল মনোজ পাণ্ডে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

কাল মঙ্গলবার জেনারেল মনোজ পাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন। একই দিন সফরকারী দলটি রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে গতকাল রোববার বাংলাদেশ সফরে আসেন মনোজ পাণ্ডে। প্রতিনিধিদলটি আগামী বৃহস্পতিবার ভারতে ফিরে যাবে।