ডেঙ্গুতে আরও ৬৫ জন আক্রান্ত, বেশির ভাগই ঢাকার বাসিন্দা
![]()
নিউজ ডেস্ক
দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই রাজধানীর বাসিন্দা। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৬৫ জন ভর্তি হয়েছেন। তাদেন মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। আর এর আগের দিন শনিবার আক্রান্ত হয়েছিলেন ৬৭ জন। এই নিয়ে চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩৫ জন। তাদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সবোর্চ্চ ৪৩ জন রোগী ভর্তি আছেন। আর এর পরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ১৬ জন, বিজিবি হাসপাতালে (পিলখানা) ১১ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৯ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া দেশের অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২ হাজার ১৪৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি ১ হাজার ৮৩৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি ৩০৯ জন। আর চলতি বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৪১ জন। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ জনের।