এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব পেলেন মেজর জেনারেল জিয়াউল আহসান
![]()
নিউজ ডেস্ক
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জিয়াউল আহসান।
এই সেনা কর্মকর্তাকে প্রেষণে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চাকরি ন্যস্ত করে সোমবার (৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
গত জুলাই মাসে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পান জিয়াউল আহসান। ২১ জুলাই তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন জানিয়ে জিয়াউল আহসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আমার ওপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। পেশাদারিত্বের সঙ্গে অতীত অভিজ্ঞতার আলোকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবো।’
জানা গেছে, এবারই প্রথম এনটিএমসির মহাপরিচালকের পদটি সৃষ্টি হয়েছে। আর সেই পদটিতে প্রথম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন মেজর জেনারেল জিয়াউল আহসান।
ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা তথা সারা বিশ্বে সাইবার অপরাধীদের শনাক্ত করা এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সব ধরনের তথ্য-প্রযুক্তি সহায়তা দিতে এনটিএমসি ২৪ ঘণ্টা কাজ করছে।
জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারা ট্রুপার। ২০০৯ সালের ৫ মার্চ র্যাব-২-এর উপ-অধিনায়ক এবং একই বছর লে কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাব সদর দফতরে গোয়েন্দা শাখার পরিচালক হন। ২০১৩ সালের ডিসেম্বর তিনি কর্নেল পদে পদোন্নতি পেয়ে একই বাহিনীর অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান।
পরবর্তী সময়ে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়ে ২০১৬ সালের এপ্রিলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদফতরের (এনএসআই) পরিচালক হন। পরের বছরের মার্চে তাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক করে সরকার।