চাঁপাইনবাবগঞ্জে ৫৮ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৫৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়ন ক্যাম্পে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ২ হাজার ৩২১ বোতল বিদেশি মদ, ১ হাজার ৭৪৫ লিটার দেশি মদ, ১৪০ লিটার মদ তৈরির উপকরণ, ১ লাখ ২১ হাজার ৫৯৫ বোতল ফেনসিডিল, ৪০৭ কেজি গাঁজা, ১৫২ কেজি ৫৪৪ গ্রাম হেরোইন, ৬ লাখ ৪৩ হাজার ৪৩৭ পিস ইয়াবা, ২ লাখ ৮ হাজার ৩৭৮ প্যাকেট পাতার বিড়ি, ৯০৫ কেজি বিড়ির পাতার গুঁড়া, ৭৮৩ কেজি বিড়ির মসলা, ১ হাজার ৩৫৩ কেজি বিড়ির পাতা, ৫০৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৮ হাজার ৬৩৪টি নেশাজাতীয় ইনজেকশন, ২২১ কেজি তামাক পাতা ধ্বংস করা হয়।
বিজিবি ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়ন ২০১৯ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর, ৫৯ বিজিবি ব্যাটালিয়ন ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর ও রাজশাহী ১ ব্যাটালিয়ন ২০১৯ সালের ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মাদকদ্রব্যগুলো জব্দ করে।
এর আগে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমদ।
বেনজীর আহমদ বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকের ভয়াবহতা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে ও জনসচেতনতা তৈরিতে দেশের গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরও অধিক হারে গুরুত্ব দেয়ার আহ্বান জানাই। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক চোরাচালান রোধে তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার হোসেন। এ সময় স্বাগত বক্তব্য দেন ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৯ রহনপুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা, র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. আনিছুর রহমান খানসহ বিজিবির বিভিন্ন স্তরের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।