রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী - Southeast Asia Journal

রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদ ও শান্তিপূর্ণ উপায়ে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিতকরণে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাজধানীর একটি হোটেল দুই দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠানে এই সহযোগিতা চান তিনি।

যুক্তরাষ্ট্র, ভারতসহ ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধি সম্মেলনে অংশ অংশগ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা ১১ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছি। যার ফলে এ অঞ্চলে বড় ধরনের মানবিক বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদ ও শান্তিপূর্ণ উপায়ে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিতকরণে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সমর্থন কামনা করি।

চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, খাদ্য, জ্বালানি এবং সার সঙ্কটের ফলে বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলকেও জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলের দেশগুলোকে অংশীদারত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিতে হবে।

করোনাভাইরাস-পরবর্তী অবস্থা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পিস, প্রসপ্যারেটি অ্যান্ড পার্টনারশিপ ফর আ রেসিলিয়েন্ট ফিউচার’।