কাপ্তাই হ্রদে চলাচল করা নৌকা-বোটে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক, খুলে ফেলতে হবে উপরের ছাদ - Southeast Asia Journal

কাপ্তাই হ্রদে চলাচল করা নৌকা-বোটে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক, খুলে ফেলতে হবে উপরের ছাদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পর্যটক ও তীর্থযাত্রীবাহী পৃথক দুইটি নৌকা ডুবে সর্বমোট ৬জন মৃত্যুর ঘটনায় কাপ্তাই হ্রদে চলাচলরত নৌকা-বোটে লাইফ জ্যাকেট ব্যবহার ও নৌকা-বোটের উপরের ছাদ খুলে ফেলা বাধ্যতামূলক করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার থেকে পর্যটকদের নিরাপত্তায় এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ হতে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে জরুরী এ সভায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম, রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতির সদস্য সচিব জাহাঙ্গীর আলম মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট এবং জ্যাকেট পরিধান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী, বিআইডব্লিউটিএ কর্তৃক এখন থেকে সব ইঞ্জিনচালিত বোটের ফিটনেস চেকসহ অতিরিক্ত যাত্রী বহন পরিহার ও যাত্রী সচেতনতা বাড়াতে কাজ করবে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকা থেকে কাপ্তাই হ্রদের ওপর দিয়ে সুবলং যাওয়ার পথে পর্যটক ও তীর্থযাত্রী বাহী দুইটি নৌকা ডুবে ছয়জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৫জন চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টস’র কর্মী।

You may have missed