নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে ৪২টি বার্মিজ গরু উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ–মায়ানমার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ৪২টি বার্মিজ গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি জঙ্গল এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবির অধিনায়কের প্রত্যক্ষ পরিকল্পনা ও নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার ‘রাবার বাগান’ নামক স্থানে অভিযান চালায়। অভিযানের সময় চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে মালিকবিহীন অবস্থায় ঘটনাস্থল থেকে ৪২টি বার্মিজ গরু উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। তিনি আরও জানান, উদ্ধারকৃত গরুগুলোর বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই গরু ও বিভিন্ন পণ্যের চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জোরদার রয়েছে, যা সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।