লক্ষীছড়িতে সম্প্রীতির মেলবন্ধন: সেনাবাহিনীর আয়োজনে মহিলা ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপনী

লক্ষীছড়িতে সম্প্রীতির মেলবন্ধন: সেনাবাহিনীর আয়োজনে মহিলা ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপনী

লক্ষীছড়িতে সম্প্রীতির মেলবন্ধন: সেনাবাহিনীর আয়োজনে মহিলা ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন জোরদারে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি জোনের আয়োজনে ‘সম্প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৯ জানুয়ারি) রবিবার লক্ষীছড়িতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দুল্যাতলী বালিকা একাদশ ১–০ গোলে লক্ষীছড়ি বালিকা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আমিন।

এ ছাড়া লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, জোনের অন্যান্য অফিসারবৃন্দ, লক্ষীছড়ি থানার ওসি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে বৃহত্তর লক্ষীছড়ি এলাকার চারটি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো দুল্যাতলী বালিকা দল, লক্ষীছড়ি বালিকা একাদশ, বাইন্যাছড়া উচ্চ বিদ্যালয় বালিকা একাদশ এবং মরাচেঙ্গী বালিকা দল।

প্রতিযোগিতামূলক ও উপভোগ্য খেলায় দুল্যাতলী বালিকা একাদশ এবং লক্ষীছড়ি বালিকা একাদশ ফাইনালে ওঠে। ফাইনাল ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

লক্ষীছড়িতে সম্প্রীতির মেলবন্ধন: সেনাবাহিনীর আয়োজনে মহিলা ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপনী

খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি ও প্রাইজমানির চেক তুলে দেন। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে দুল্যাতলী বালিকা একাদশের থুইমন্নু মারমাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অন্যান্য কৃতিত্বপূর্ণ খেলোয়াড়দের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ি ও বাঙ্গালি—জাতি ও ধর্ম নির্বিশেষে সকলের মাঝে সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে খেলাধুলার বিকল্প নেই। ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত সম্প্রীতি মহিলা ফুটবল টুর্নামেন্ট পার্বত্য অঞ্চলে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি, লক্ষীছড়ি থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নারী ক্রীড়াবিদ উঠে আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে, এ ধরনের জনকল্যাণমূলক ও সম্প্রীতিবর্ধক উদ্যোগ গ্রহণ করায় লক্ষীছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।