সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্বে ১১ বিজিবি: নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ–মায়ানমার সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় দুঃস্থ ও শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়আজ সোমবার দুঃস্থ ও শীতকাতর জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

একই সঙ্গে অসহায়, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের জন্য সু-চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
সীমান্তবর্তী দুর্গম জনপদে বসবাসকারী মানুষের জন্য এই সহায়তা তাৎক্ষণিক স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

বিজিবি সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন দেশের সর্বদক্ষিণে বাংলাদেশ–মায়ানমার সীমান্তে সদা জাগ্রত অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বাহিনীটি পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছে।

একই সঙ্গে বেসামরিক জনগণের সহায়তায় নেওয়া মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে ১১ বিজিবি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় শীতকালে জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে। এ সময় বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা তাদের জন্য বড় ভরসা হিসেবে কাজ করছে।

প্রসঙ্গত, সীমান্ত রক্ষার কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আস্থার বন্ধন আরও সুদৃঢ় করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।