বিলাইছড়িতে জটিল রোগে আক্রান্ত অসহায় কিশোরীর চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

বিলাইছড়িতে জটিল রোগে আক্রান্ত অসহায় কিশোরীর চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

বিলাইছড়িতে জটিল রোগে আক্রান্ত অসহায় কিশোরীর চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম উপজেলা বিলাইছড়িতে এক অসহায় পরিবারের মেয়ের উন্নত চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন (৩২ বীর)। গতকাল বুধবার জোন সদরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের হাতে ৬০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিলাইছড়ির এক দরিদ্র পরিবারের কন্যা দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিষয়টি বিলাইছড়ি জোনের নজরে এলে মানবিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে মেয়েটির চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে সেনাবাহিনী।

অনুদান প্রদানকালে বিলাইছড়ি জোনের একজন প্রতিনিধি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। তিনি আরও বলেন, ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় বিলাইছড়িসহ দুর্গম জনপদে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আর্থিক সহায়তা গ্রহণকালে আবেগাপ্লুত হয়ে ভুক্তভোগী পরিবার জানায়, এই সহযোগিতা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা বলেন, সেনাবাহিনীর সহায়তা না পেলে মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হতো না। এমন মানবিক সহানুভূতি তাদের নতুন করে বেঁচে থাকার সাহস ও আশার আলো দেখিয়েছে বলে তারা উল্লেখ করেন।

এলাকাবাসীর মতে, দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এই অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ভূমিকা সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও দৃঢ় করেছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রসঙ্গত, বিলাইছড়ি জোন (৩২ বীর) দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসা শিবির, শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্য সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা পার্বত্য এলাকার শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।