নির্বাচন সামনে রেখে পাহাড়ি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পূর্ণমাত্রায় মোতায়েন ১ ফেব্রুয়ারি থেকে
![]()
নিউজ ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে—এমন যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিজিবির দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ গুইমারা সেক্টরের আওতাধীন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) হল রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ শাহীনুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার মোট ৩৩টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এ সময় সীমান্ত এলাকায় টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াড এবং আরসিভি মোতায়েনের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান জোন অধিনায়ক।
বিজিবি জানায়, গত তিন মাসে চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়ন ধারাবাহিক অভিযান পরিচালনা করে ২ জন আসামিসহ প্রায় ১৫ লাখ ৯৬ হাজার ৮৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৫ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৫৬১ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে। সব মিলিয়ে এ সময়ে ৫ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৪১১ টাকার বেশি মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৯৭ বোতল মদ, ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৮ কেজি ৬০ গ্রাম গাঁজা, ১৯ বোতল বিয়ার, ৬৯ লিটার বাংলা মদ এবং ২ হাজার ২১০ প্যাকেট বিদেশী সিগারেট।

এছাড়াও গত এক মাসে সীমান্তে টহল জোরদারের মাধ্যমে চট্টগ্রাম রিজিয়নের বিজিবি সদস্যরা ৪৩২টি গরু ও ১৮টি ছাগল আটক করে সংশ্লিষ্ট শুল্ক কার্যালয়ে জমা দিয়েছে বলে জানানো হয়। গত ২৬ ডিসেম্বর গুইমারা সেক্টরের আওতাধীন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পৃথক এক অভিযানে একটি ১২ বোর পিস্তল, দুই রাউন্ড তাজা গোলাবারুদ এবং তিনটি হাসুয়া (দা) আটক করতে সক্ষম হয়।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের বিষয়টিও তুলে ধরে বিজিবি জানায়, গত আড়াই মাসে চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত স্থানীয় দরিদ্র পাহাড়ী ও বাঙ্গালি জনগণের মাঝে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যাপক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময়ে ৭১ জনকে আর্থিক অনুদান, ৪২ জনকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন, ১২০টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, ২৫ জনকে সেলাই মেশিন, ৪ হাজার ২৭৮ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ৬ হাজার ৫৪৬ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান, ২৬৬ জনকে কৃষি উপকরণ এবং ২ হাজার ৫৫০ জন দরিদ্র ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি কর্তৃপক্ষ সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে আহ্বান জানান।
এ সময় ভারপ্রাপ্ত অপস্ অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহসহ ৪০ বিজিবির বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অপরাধ দমনে বিজিবির এই কঠোর অবস্থান নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।